পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়তে সরকার কাজ করছে -ত্রাণ প্রতিমন্ত্রী

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বলেছেন, সবার জন্য পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়তে সরকার কাজ করছে। প্রতিটি গ্রামে শহরের যাবতীয় নাগরিক সুবিধা পৌঁছে দিয়ে জনসাধারণের শহরমুখী হওয়ার প্রবণতা কমিয়ে আনা হবে। তিনি বলেন, সরকার বহুমুখী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে শহরগুলোকে আধুনিক ও বাসযোগ্য করার পাশাপাশি প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দু’দিনব্যাপী ৬ষ্ঠ নগর সংলাপ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘নগর সংলাপ’ আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশের একটি বার্ষিক আয়োজন যার মাধ্যমে নগরের জনগোষ্ঠী, নগর কর্তৃপক্ষ, নগরের বিভিন্ন পেশাজীবী, উন্নয়ন সংস্থা, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষার্থী, গণমাধ্যম এবং নীতিনির্ধারকদের পারস্পরিক মতবিনিময়, শিখন বিনিময় এবং নীতিনির্ধারণী সংলাপের সুযোগ করে দেওয়া হয়। ২৯-৩০ জুন দু’দিনব্যাপী এই নগর সংলাপে পরিকল্পিত ও একীভূত নগরায়ন, নগর দুর্যোগ সহনশীলতা, নগরের সবুজায়ন, নগর উন্নয়ন পরিকল্পনায় সকল স্তরের নাগরিকদের অংশগ্রহণ, নাগরিকদের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ভিন্ন ভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন ড. আ স ম মাকসুদ কামাল এবং হেবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর জন আর্মস্ট্রং অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।