প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি জানাই আমার আন্তরিক মোবারকবাদ।
রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক পরম করুণাময় আল্লাহতায়ালার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফযীলত ও তাৎপর্যপূর্ণ।
মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহ নৈকট্যলাভের সুযোগ হয়।
রমজান মানুষকে ধৈর্য্য, ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহারের শিক্ষা দেয় এবং মানুষের মনের রিপুগুলোকে সংযত করে, দীন-দরিদ্র ক্ষুধার্তদের কষ্ট ও যন্ত্রণা, ব্যাথা ও বেদনা হৃদয়ঙ্গম করতে সাহায্য করে।
আমি দেশবাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সকল প্রকার অকল্যাণ পরিহার করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে, ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানাই।
আসুন, আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হোক।”




