এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। লাখ মানুষ ঘর-বাড়ী ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
চার দিন ধরে টানা ভারী বর্ষণ আর উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে পঞ্চগড়ের পাঁচ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে জেলার কয়েক লক্ষ মানুষ। বিভিন্ন এলাকার পানি বন্দি অসংখ্য পরিবার পাশের স্কুল কলেজ এবং খোলা মাঠে আশ্রয় নিয়েছেন।
আকষ্মিক এই বন্যার কারনে জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে পৌরসভা এলাকার নিমনগর, ডিষ্টিলারিজ খালপাড়া, পুরানা ক্যাম্প, রামের ডাংগা, পৌর খালপাড়া, রাজনগর খালপাড়াসহ বিভিন্ন মহল্লার তিন হাজার পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তা। এতে পরিবার পরিজন নিয়ে দূর্ভোগে পরেছে এসব এলাকার মানুষজন। অনেকে প্রতিবেশি এবং আত্বীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
দূর্গতদের সহায়তায় এখন পর্যন্ত সরকারি বেসরকারি কোন সংস্থা এগিয়ে আসেনি। তবে প্রশাসনের কর্মকর্তাসহ জন প্রতিনিধিরা দূর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। পরিস্থিতি মোকাবেলায় বিকেল ৫ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জরুরি বৈঠক ডেকেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
এদিকে জেলার পঞ্চগড় সদর, বোদা, তেঁতুলিয়া, আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলার প্রায় দুই তৃতীয়াংশ ইউনিয়নের পানি বন্দী হয়েছে।পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল লাইনের উপরদিয়ে প্রবাহিত হচ্ছে পানি। পঞ্চগড়-ঠাকুরগাঁও রুটে ট্রেন চলাচল বন্দ হয়ে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক ফজলে রহমান জানান, বৃহস্পতিবার থেকে টানা তিনদিন অবিরাম বৃষ্টি পড়ছে। গতকাল (১১ আগস্ট) সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত পঞ্চগড় জেলায় ২৬৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর গতকাল দুপুর ১২টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩১৯.৫ মিলিমিটার। আজ (১২ আগস্ট) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮৫.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল জানান, তিন দিন ধরে ভারি বর্ষণে জেলার বিভিন্ন উপজেলার অধিকাংশ ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। দূর্গত এলাকায় শুকনো খাবার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।




