এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চিকিৎসদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছে। অন্যথায় তাদের পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেয়া হচ্ছে। পঞ্চগড়ে চিকিৎসকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপরেও চাঁদার দাবিতে হুমকি দেয়া অব্যাহত রয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) ডাঃ মনসুর আলীকে হুমকি দেয়া হয়।
পুলিশ জানান, শনিবার দুপুর ১২টা দিকে ডাঃ মনসুর আলীকে তার মোবাইল ফোনে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে জনৈক ব্যক্তি একাধিকবার একাধিক নম্বর থেকে (০১৯০২-৪১৫৬৭৫, ০১৭৭৭-৯২০৬৩৮, ০১৬৩৩৬৩৯৮৫৯) ফোন করেন।
ফোনে বলে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির অনেক সদস্য জেলে রয়েছেন। আহত হয়ে অনেকের চিকিৎসা চলছে। এছাড়া অনেক বিভিন্নস্থানে আত্মগোপনে রয়েছেন। তাদের সহায়তার জন্য ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এ জন্য টাকা দিয়ে তাদের সহযোগিতা করতে হবে।
উল্লেখ্য যে, এর আগে জেলা স্বাস্থ্য বিভাগের শিশু বিশেষজ্ঞ ডাঃ মনোয়ার হোসেন, সার্জারি কনসালট্যান্ট ডাঃ আমির হোসেনসহ একাধিক চিকিৎসককে একই প্রকার হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়। সে সময় বিষয়টি থানায় জানানো হলেও এমন হুমকি এখনও অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আহাম্মেদ বলেন, স্বাস্থ্য বিভাগের কয়েকজন চিকিৎসকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এর আগেও তদন্ত করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করা হবে। তবে এ নিয়ে চিকিৎসকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা চিকিৎসকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সংগে দেখছি।




