পঞ্চগড়ে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন 

এন এ রবিউল হাসান নিটন, পঞ্চগড় প্রতিনিধি:

১৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে পঞ্চগড় থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছে ‘পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল যোগাযোগ উন্নয়ন পরিষদ’ নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের তরুণদের একটি দল।

আন্তঃনগর ট্রেনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচীর জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম খায়ের, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মন, শিক্ষক আজাহারুল ইসলাম জুয়েল ও পঞ্চগড়-ঠাকুরগাঁও রেল যোগাযোগ উন্নয়ন পরিষদের সদস্য সচিব আসাদ উজ জামান।

এ সময় বক্তারা জানান, ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত মিটারগেজ রেলপথ আধুনিকায়ন করে ডুয়েল গেজে উন্নতির কাজ গত বছর শেষ হলেও অজ্ঞাত কারনে পঞ্চগড় থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে না। এমনকি গত ৪ জানুয়ারি ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চগড় থেকে আন্তঃনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ সময় অবিলম্বে পঞ্চগড়-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান।

তরুণদের এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।