শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠহুগলি গ্রামে পৈত্রিক সম্পত্তিতে বসত ঘর নির্মানে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ইউপি মেম্বার মোহাম্মদ আলীর যোগ সাজসে বাধা প্রদান করছে পাশ্ববর্তী সোবাহান পেদা, অল্লুলা পেদা ও তাদের সহযোগী সিদ্দিক মাদবর ও মাসুম হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিঙ্গামানিক ইউনিয়নের কাঠহুগলি গ্রামে দীর্ঘ দিন যাবত মৃত. হাকিম আলী শেখের দুই ছেলে মান্নান শেখ ও মজিদ শেখ পৈত্রিক সম্পত্তিতে বসবাস করে আসছে। মান্নান শেখের ছেলে নুরুল হক দীর্ঘ দিন প্রবাসে থাকার পর কয়েক মাস আগে বাড়ি ফিরে। নিজ বাড়িতে একটি বহুতল বসত ঘর নির্মানের উদ্যোগ নেয় নুরুল হক। বসত ঘর নির্মানের কাজ প্রায় অর্ধেক হওয়ার পর ঘরের বেলকনি নির্মানে বাধা দেয় স্থানীয় প্রভাবশালী ইউপি মেম্বার মোহাম্মদ আলী, পাশ্ববর্তী সোবাহান পেদা, অল্লুলা পেদা ও তাদের সমর্থকরা। তাদের অভিযোগ সোবাহান পেদা ও অল্লুলা পেদাকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা রেখে বসত ঘর নির্মান করতে হবে। অন্যদিকে মন্নান শেখ তার ছেলে নুরুল হক ও ভাতিজা মানিক শেখ বলছে ঘর নির্মানের পরও পাশ্বে ভিটে মাটির ১৫ শতাংশ জমি রেখে ঘর নির্মানে কাজ করছে। যে জমি দিয়ে সুন্দর ভাবে বাড়ি থেকে বের হতে পারবে পিছনের বাড়ির লোকজন।
এছাড়াও সাংবাদিক ও স্থানীয় খলিলুর রহমান গাজী, মোঃ জাহাঙ্গির শেখ, ডিঙ্গামানিক ইউপি শাখা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ফোহাদ, জনি মাদবর, মনির হাওলাদার, সোহাগ শেখের সামনেই নুরুল হককে বসত ঘর ভেঙ্গে নেওয়ার হুমকি দেয় সোবাহান পেদার মেয়ে উর্মি বেগম। অসহায় মান্নান শেখ ও মজিদ শেখের পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
মান্নান শেখের ছেলে নুরুল হক বলেন, আমি আমার পৈত্রিক সম্পত্তির উপর ঘর নির্মান করছি। সেখানে অনৈতিক ভাবে স্থানীয় মেম্বার মোহাম্মদ আলী, সোবাহান পেদা, অল্লুলা পেদা, সিদ্দিক মাদবর ও মাসুম হাওলাদার বসত ঘর নির্মানে বাধা দিচ্ছে। সোবাহান পেদা ও অল্লুলা পেদার বাড়ি থেকে বের হওয়ার জন্য আমি ১৫ শতাংশ জমি রেখেছি। তবুও তারা জোর পূর্বক ভাবে আমার নির্মানধীন ঘরের বেলকনির উপর দাগ কেটে গেছে এবং মেম্বার বলে গেছে বেলকনি না ভেঙে দিলে মেম্বার নিজে ভেঙে ফেলবে। আমি এখন অসহায়। স্থানীয় মেম্বার ও তার সহযোগীদের অত্যাচারে আমি ও আমার পরিবার অতিষ্ট। পৈত্রিক ভিটায় বসত ঘর নির্মান করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
ঘর নির্মানে বাধা প্রদান কারী সোবাহান পেদা ও অল্লুলা পেদা বলেন, নুরুল হক ঘর নির্মানের পাশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের হওয়ার জন্য জায়গা দিলে আমাদের কোন অভিযোগ নাই।
স্থানীয় প্রভাবশালী ইউপি মেম্বার মোহাম্মদ আলী বলেন, আমি বসত ঘরের বেলকনি দিতে না করেছি। যতটুকু ওয়াল দিয়েছে তা ভেঙে দিতে বলেছি। না হয় আমি নিজেই ভেঙে দিব। আপনি সাংবাদিক যা পারেন করেন।




