নয়ন লাল দেব,মৌলভীবাজার প্রতিনিধিঃ সাম্প্রতিক ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দিরে নারকীয় ভাংচুর, হামলা, তান্ডবের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও তরুন সনাতনী সংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে ও স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে শহরস্থ চৌমোহনা চত্বরে অনুষ্টিত উক্ত মানববন্ধনে বক্তারা, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর বর্বর সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দেশ স্বাধীন হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের চেতনা নিয়ে। কিন্তু আজ সেই চেতনা সংখ্যালঘুদের কান্নায় ভূলুন্ঠিত হচ্ছে।
সারাদেশব্যাপি আবারো সাম্প্রদায়িক মৌলবাদ গোষ্ঠী বিষাক্ত ফণা মেলে তুলছে, যার প্রতিফলনে আজ নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুরা আক্রান্ত। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাধারী একটি সরকার, এরপরেও কিভাবে দেশে সাম্প্রদায়িক গোষ্ঠী বিষবাষ্প ছড়ায় প্রশ্ন জাগে। এই সরকার ক্ষমতায় থাকার পরও হিন্দু সম্প্রদায় আতঙ্কে দিনযাপন করছে অনেক পরিবার হামলার শিকার হয়ে পালিয়ে বেড়াচ্ছে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে! সর্বশেষ নাসিরনগরের ন্যাক্ষারজনক ঘটনায় আমরা হতবাক, দফায় দফায় প্রশাসনের নাকের ডগায় এই ধরনের বর্বর কান্ডে সবাইকে বিস্মিত করেছে।
এছাড়া নাসিরনগরের ঘটনায় মন্ত্রী ছায়েদুল হকের ভূমিকা নিয়েও উদ্ধেগ প্রকাশ করে ছায়েদুল হকের বহিস্কার দাবী করেন বক্তারা। এবং উক্ত মানববন্ধন থেকে এই ঘটনা সহ সারাদেশব্যাপি ঘটে যাওয়া সকল সাম্প্রদায়িক হমলার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ট তদন্ত করে ঘটনাকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যাবস্থা করতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়। এসময় মানববন্ধনে শ্রীমঙ্গলের বিভিন্ন ধর্মীয়,সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় কয়েক শতাধিক জনসাধারণ অংশগ্রহন করেন।



