বিশেষ প্রতিবেদক : নব্য জেএমবির ‘প্রধান অস্ত্রদাতা’ মিজানুর রহমান ওরফে বড় মিজানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এই আদেশ দেন। এর আগে আদালতে বড় মিজানকে রিমান্ড শুনানি উপলক্ষে হাজির করে পুলিশ।
২০১৬ সালের ২ নভেম্বরের একটি মামলায় ১ মার্চতাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়েছিল। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন বিচারক রিমান্ড শুনানির জন্য আজ রোববার দিন ধার্য করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।এর আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) দাবি করে, বড় মিজানকে গত মঙ্গলবার রাতে বনানীর কাকলী রেলক্রসিংয়ের কাছাকাছি একটি বাসা থেকেগ্রেপ্তার করা হয়। বড় মিজান নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারীচক্রের প্রধান বলে পুলিশ দাবি করেছে।
পুলিশের ভাষ্য, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান দায়িত্বশীল ব্যক্তি। এর আগে তিনি জুন্দ আল তাওহিদ নামের একটি জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিলেন। পরবর্তী সময়ে তিনি গুলশান হামলার অন্যতম হোতা হিসেবে পরিচিত তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেন।পুলিশের দাবি, বড় মিজানের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকেন্দ্রিক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, বিস্ফোরক ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি হয়, যারা নব্য জেএমবির প্রায় সব অস্ত্রশস্ত্র সরবরাহকরে আসছিল।


