বিশেষ প্রতিবেদকঃ বিএনপি বিদেশি সাহায্যের আশায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেনি। কিন্তু আওয়ামী লীগ দেশকে খাদ্য ঘাটতি থেকে খাদ্য স্বনির্ভর করে তুলেছে। বাংলাদেশ ধান উৎপাদনে বিশ্বের চতুর্থ দেশের স্থান অধিকার করেছে। মৎস্য উৎপাদনে বিশ্বের ৪র্থ স্থানে আছে বাংলাদেশ। দেশের খাদ্য উৎপাদন বেড়েছে। নিত্যদিন কৃষি গবেষণায় নানান উদ্ভাবন হচ্ছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৩ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে সারের জন্য প্রাণ দিয়েছে কৃষক কিন্তু আওয়ামী লীগ কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে সার দিয়ে আসছে। কৃষিতে প্রযুক্তি ও গবেষণার প্রতি বেশি জোর দিয়েছে আওয়ামী লীগ। এর সুফল ভোগ করছে দেশ।
এসময় তিনি আরও বলেন, কৃষিখাতে গবেষণার মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে হবে। উন্নত বাংলাদেশ গড়তে সবচেয়ে বড় শক্তি হবে কৃষি।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষ শান্তিতে বাস করতে পারছে। এসময় প্রধানমন্ত্রী কারিকুলামে কৃষিকে ব্যবহারিক শিক্ষা হিসাবে যুক্ত করার পরামর্শ দেন।
এর আগে প্রধানমন্ত্রী কৃষিখাতে অবদান রাখার জন্য ১০ ক্যাটাগরিতে ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে স্বর্ণপদক, রৌপ্যপদক এবং ব্রোঞ্জপদক প্রদান করেন।
কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত পদক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


