যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের বাসিন্দা মোস্তফা সরদার (৭২)। ২০১৯ সালে তার জমি সংক্রান্ত মামলায় ১৪৪ ধারা জারি করেন যশোরের নির্বাহী আদালত।
মোস্তফা সরদার জানান, বছরের পর বছর ঘুরেও মামলার কোন অগ্রগতি হচ্ছিলো না। সর্বশেষ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান যোগদানের পর মামলার দীর্ঘসূত্রতার অবসান ঘটে।
তিনি বলেন, ‘২০২২ সালের জানুয়ারি থেকে ২৪ জুলাইয়ের মধ্যে মাত্র তিনটি ধার্য্য তারিখে মামলার নিস্পত্তি করে দেন তিনি। এতে আমি দীর্ঘদিনের বিড়ম্বনা থেকে মুক্তি পাই এবং এই বিচারকের কারনে এটা সম্ভব হওয়ায় আমি সন্তষ্ট। সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি তার মতো দ্রুত মামলার নিস্পত্তির উদ্যোগ নেন এবং পূর্ণাঙ্গ রায়ের কপি দিতেন তাহলে জনভোগান্তি অনেক কমে যেত।’
মোস্তফা সরদারের মতো যশোরের নির্বাহী আদালত থেকে দ্রুততম সময়ে মামলার রায় পেয়েছেন ১৯৫৮ জন বিচার প্রত্যাশী। নির্বাহী আদালত সুত্রে জানা যায়। ২০২১ সালের জানুয়ারি মাসের ২৭ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যশোরে যোগদান করেন কাজী সায়েমুজ্জামান। এসময় ওই আদালতে ১৬শ’ ২২ টি মামলা বিচারাধীন ছিলো। দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৩৬৫ টি নতুন মামলা দায়ের হয়েছে এই আদালতে। এসব মামলার ভিতর থেকে এই সময়কালের মধ্যে ২০১২ টি মামলা নিস্পত্তি করেছেন। এক মাসে সর্বাধিক ২০৫ টি মামলার রায় দিয়েছেন এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। বর্তমানে এই আদালতে বিচারাধীন রয়েছে ১৯৭৫ টি মামলা। এই মামলাগুলোর মধ্যে আগামী ২৮ সেপ্টেম্বর আরও ১৩ টি মামলার রায় দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সেবাগ্রহীতারা জানান, নির্বাহী আদালতে চরম বিপদে পড়েই আশ্রয় নিতে হয়। বিশেষ করে আকস্মিক জমির অবৈধ দখল রোধে ১৪৪ ধারা জারির জন্য এই আদালতের কোন বিকল্প নেই। ইতিপূর্বে এ আদালতে একটি মামলা দায়ের করে বিবাদমান জমিতে স্থিতিতাদেশের উপর রায় পেতে মাসের পর মাস এমনকি বছরের পর বছর ঘুরতে হয়েছে।
সেবাগ্রহীতারা আরও জানান, দেরির বিষয়ে আইনজীবীরা আদালতের বিভিন্ন কারণ তাদের কাছে উল্লেখ করতেন। ভুক্তভোগিরা আরও জানান, গেল ২ বছর ধরে ১৪৪, ১৪৫,৬২ ধারার মামলাগুলো প্রচুর পরিমানে শুনানি হয়েছে। সেই সাথে রায়ও পাওয়া গেছে। বিশেষ করে রায়ের পূর্ণাঙ্গ কপি মিলছে। ফলে আদেশ নিয়ে কোন জটিলতা বা প্রতিপক্ষের ছল চাতুরি করার সুযোগ নষ্ট হয়েছে।
যশোরের নির্বাহী আদালতের গত ২ বছরে সর্বাধীক মামলা নিস্পত্তির নজীর গড়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। আদালত সুত্রে জানা গেছে, তার আদালতে চলতি বছরের জানুয়ারি মাসে ৭৯ টি, ফেব্রুয়ারি মাসে ৬৩ টি, মার্চ মাসে ১৪৮ টি, এপ্রিল মাসে ১১৭ টি, মে মাসে ১৬৬ টি, জুন মাসে ২০৫ টি, জুলাই মাসে ১৩৯ টি আগস্ট মাসে ১১১ টি, সেপ্টেম্বর মাসের ২৫ তারিখ পর্যন্ত ৭৭ টি মামলা নিস্পত্তি করেছেন।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, ‘এখানে মামলা নিস্পত্তির যে উদ্যোগ গ্রহণ করেছি বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে। আমি সব মামলা প্রতিদিনের টা প্রতিদিন শুনেই নিস্পত্তি করতে পরবর্তি পদক্ষেপ গ্রহণ করতে চাই। যেন সেবা প্রার্থীরা এই আদালতে হয়রানির শিকার না হন। আমি এইসব বিষয়ে সোচ্চার ছিলাম। একারনেই আমি উদ্যোগ নিয়ে এতগুলো মামলা নিস্পত্তি করেছি। এবং আমার সময় যতগুলো মামলা দায়ের করা হয়েছে তারা বিচার পেয়েছেন।
তিনি আরো বলেন, ফৌজদারি কার্যবিধির ৯৮ ধারার মামলাগুলো অনেক আগে নির্বাহী আদালতের আওতাধীন ছিল। বিচার বিভাগ পৃথক হওয়ার পর সেগুলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এখতিয়ারভচক্ত হয়। যে কারণে অনেক মামলা এখানে ঝুলে ছিলো। সেই মামলাগুলো আমি হাইকোর্টের রায়ের বরাত দিয়ে নিস্পত্তি করেছি।
তিনি বলেন, বিশ্বাস করে মামলার দিন তারিখের তথ্য জানার জন্য বিচার প্রার্থীদের নানা হয়রানির শিকার করতে হতো। আমি দায়িত্ব নেয়ার পর আদালতের সম্মুখে আগামী এক মাসের কোন মামলার কোন তারিখে শুনানি হবে তা প্রদর্শনের ব্যবস্থা করেছি। এতে বিচার প্রার্থীরা অনেক উপকৃত হয়েছেন। কোন অজুহাতে কেউ যাতে বিচার প্রার্থীদের ঘুরাতে না পারে তার জন্য শুনানি ও রায় প্রদানের কাজ সহজ করেছি। আমার চেষ্টা থাকবে যাতে কোন বিচার প্রার্থী আমার আদালতে এসে হয়রানির শিকার না হন।




