দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠকে মোদীর পিছনে পর্দায় দক্ষিণেশ্বরের ছবি

দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠকে মোদীর পিছনে পর্দায় দক্ষিণেশ্বরের ছবি

ভারত প্রতিনিধিঃ সাধারণত রাষ্ট্রনেতাদের সঙ্গে ভিডিও বৈঠকে সংশ্লিষ্ট রাষ্ট্রনেতাদের পিছনে থাকে জাতীয় পতাকার ছবি। বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনেও এমনটাই দস্তুর।

তবে আজ কিছুটা অভিনব ভাবেই দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠকের মধ্যে চলে এল দক্ষিণেশ্বরের কালীবাড়ির ছবি। উজ়বেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ভিডিও বৈঠকে  আগাগোড়া মোদীর পিছনে পর্দায় দেখা গেল দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি

দমদমের সাংসদ তথা তৃণমূল নেতা সৌগত রায় পুরো ঘটনাকে ‘হাস্যকর’ বলে বর্ণনা করেছেন। তাঁর কথায়, “দক্ষিণেশ্বর সবার শ্রদ্ধার জায়গা। কিন্তু প্রধানমন্ত্রী যেটা করছেন সেটা হাস্যকর। বাংলার নির্বাচনকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে তিনি রাষ্ট্রীয় প্রোটোকলটাও ভুলে যাচ্ছেন। দ্বিপাক্ষিক বৈঠকে রাষ্ট্রনেতার পিছনে দেশের পতাকা থাকাটাই রেওয়াজ।”
সৌগত রায়ের কথায়, “এ সব করে কিছু হবে না। পশ্চিমবঙ্গের ভোটের লড়াইটা বাঙালি বনাম বাহারিদের মধ্যে। বাহারি অর্থাৎ বহিরাগতদের কোনও জায়গা এখানে নেই। প্রধানমন্ত্রী মরিয়া চেষ্টা করতে গিয়ে কাণ্ডজ্ঞান হারাচ্ছেন।”
দক্ষিণেশ্বরের মেয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় অবশ্য জানাচ্ছেন তিনি গর্বিত। তাঁর কথায়, “ভারত-উজ়বেকিস্তান বৈঠকে দক্ষিণেশ্বর মন্দিরের ছবি এবং ভবতারিণী মন্দিরের ছবি দেখতে পেয়ে এক জন বাঙলি হিসেবে গর্বিত। বাঙালির ঐতিহ্যকে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে ঋষি অরবিন্দ, স্বদেশি পণ্যের প্রতি নির্ভরতার প্রশ্নে কবি মনমোহন বসু, ভারতমাতার আরাধনায় স্বামী বিবেকানন্দ এবং যত্রতত্র রবীন্দ্রনাথের উল্লেখ মোদীর মুখে শোনা যাচ্ছে। এ বারে সেই তালিকায় যুক্ত হল বাঙালির আবেগ এবং ভক্তির দক্ষিণেশ্বরও।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।