বাংলাদেশ ইনসুলেটর এন্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ)-এ দৈনিক ভিত্তিতে কর্মরত শ্রমিকদের স্বল্পতা পূরণে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
তিনি বলেন, নতুন প্রযুক্তি, অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিনিয়োগের সমন্বয় ঘটিয়ে অলাভজনক সরকারি শিল্পপ্রতিষ্ঠানসমূহকে লাভজনক করা হবে। এক্ষেত্রে বন্ধুপ্রতিম দেশসমূহের সহযোগিতা গ্রহণ করা হবে।
শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এই শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন শেষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। বিআইএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোজাম্মেল হক, বিসিআইসির পরিচালক (অর্থ) মোঃ বিল্লাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বাজারে নিত্যনতুন দৃষ্টিনন্দন স্যানিটারি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বিআইএসএফ-এর পণ্যের গুণগত মান বাড়াতে হবে। এ সময় তিনি বিআইএসএফ-এর পণ্যের বিক্রয়ের পরিমাণ বাড়াতে যুগোপযোগী মার্কেটিং কৌশল অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিআইএসএফ-কে অন্যত্র স্থানান্তরের পূর্বে বর্তমান স্থাপনায় এটি যাতে পূর্ণ গতিতে কাজ করতে পারে সে জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় শিল্প প্রতিমন্ত্রী বিআইএসএফকে একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠানে পরিণত করতে এই প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়নের প্রতিটি সদস্যকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।


