দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই -কৃষিমন্ত্রী

দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই -কৃষিমন্ত্রী

করোনার সংক্রমণ রোধে আরোপিত লকডাউনে শ্রমজীবী ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর আয়ের পথ সংকুচিত হয়েছে। এছাড়া, অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তবুও দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই। বলেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

আজ শনিবার (১৭ জুলাই) সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় গরিব অসহায় ব্যক্তি, দুস্থ পরিবার ও উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ড. রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার শুরু থেকেই খাদ্য ও আর্থিক সহায়তা নিয়ে অব্যাহতভাবে এসব মানুষের পাশে আছেন। তারপরও এই ঈদুল আজহাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ কোটির বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন। ঈদ পরম আনন্দের ও খুশির দিন।

প্রধানমন্ত্রী চান, এই দিনে কোনোক্রমেই যাতে দেশের একটি মানুষকেও না খেয়ে থাকতে না হয়। খাদ্যের অভাবে একটি মানুষেরও ঈদ আনন্দ যাতে ম্লান না হয়। তাই, প্রধানমন্ত্রী প্রতিবছরের মতো এবারও ঈদের আগে অসহায় ব্যক্তি ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।

যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হক, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।