‘বাংলাদেশকে নিরাপদ বাসভুমি করতে আমরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সফলতা অর্জন করেছি সাংবাদিকরাও তার অনন্য অংশীদার। বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি।
আজ ৩১ জানুয়ারি সকালে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি এর সঙ্গে তাঁর দপ্তরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি -২০২৪ এর নবনির্বাচিত সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের জান মালের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে আইন-শৃঙ্খলা বাহিনী। সাথে সাংবাদিকরাও কাজ করে যাচ্ছেন; বিশেষ করে ক্রাইম রিপোর্টারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে অনেক ক্লু-লেস অপরাধের অনুসন্ধানী প্রতিবেদন পেশ করে অপরাধ ধমন ও নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে। আমি সাংবাদিকতা পেশাকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি।’ অপরাধ দমনে সাংবাদিকরা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে উল্লেখ করে মাননীয় মন্ত্রী ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি জনাব কামরুজ্জামান খান বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও বাজার-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রাখার বিষয়ে বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম ক্র্যাব এর রেজিস্ট্রেশন পাওয়ার বিষয়ে মাননীয় মন্ত্রীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব জনাব আলমগীর হোসেন, সিনিয়ার তথ্য অফিসার জনাব শরীফ মাহমুদ অপু, ক্র্যাব এর সহ-সভাপতি জনাব শাহীন আব্দুল বারী, যুগ্ম সম্পাদক দীপন দেওয়ান, অর্থ সম্পাদক হয়লাল রায় সাগর, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম রাজি, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার প্রমুখ।



