বিশেষ প্রতিবেদক: দুর্বল সরকার থাকলে জঙ্গিবাদের প্রসারঘটে, যেমন এখন ঘটছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জনগণের সরকার থাকলে জঙ্গিবাদ থাকবে না বলেও জানান তিনি।
আজ শনিবার দুপুরে পাবনা জেলা মহিলা দলের উদ্যোগে রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
নজরুল ইসলাম বলেন, ‘তাঁর (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের) কথায় মনে হয়, জঙ্গিবাদের ব্যাপারে তাঁর খুব ভালোধারণা আছে। কিসে কমবে, কিসে কমবে না। জঙ্গিবাদের সঙ্গে তো আমাদের অত ঘনিষ্ঠতা নাই, আমরা অত জানি না। তবে আমরা এটা বিশ্বাস করি, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে যে সরকার গঠন করা হয় সে সরকার জনগণের সরকার হয় না।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘জনগণের সরকার যখন হয় না তখন সে সরকার হয় দুর্বল। আর দুর্বল সরকারের অধীনেই জঙ্গিবাদের প্রসার ঘটে, যেমন এখন ঘটছে।আর যখন জনগণের সরকার কায়েম হবে তখন জঙ্গিবাদের কোনো সুযোগ থাকবে না।’
ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আমি তাঁকে জিজ্ঞাসা করতে চাই যে বিএনপির মহাসচিব তো এই হাওরের দুর্গত মানুষের পাশে নিজে গেছেন। জনগণের সঙ্গে কথা বলেছেন, সহযোগিতা করেছেন। উনি গেছেন কি না? উনি তো যান নাই। তো বিএনপির মহাসচিব গেছেন কিন্তু আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি যান নাই। তারপরও উনি এ ধরনের কথা বলেন, এ কথা কে গ্রহণ করবে?’
বিএনপির ওই কর্মশালার উদ্বোধন করেন মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপিচেয়ারপারসনের উপদেষ্টা আবদুল হাই শিকদার, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, বিএনপির কেন্দ্রীয় সদস্য জহুরুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সভাপতি মাহফুজা করিম বিনু, সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নিও শবনব মঞ্জিলা খানম মিতা।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীতে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি যদি অংশ নেয়, তাহলে জঙ্গি হামলার আশঙ্কা অনেক কমে যাবে।’




