আদালত চত্বর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলায় দশ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজিবির প্রতিটি বর্ডার পোস্টকে (বিওপি) সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
রোববার (২০ নভেম্বর) রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, মইনুল হাসান শামীম, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর, রশিদুন্নবী ভূঁইয়া। এর আগে, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকার জজ আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন, মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। জঙ্গিরা আরাফাত এবং সবুরকেও ছিনিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞানামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
সূত্র জানায়, চেকপোস্ট ও সীমান্তের অবৈধ পথ দিয়ে যাতে জঙ্গিরা পালিয়ে যেতে না পারে, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে থানা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিজিবি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, রোববার বিকেল ৪টার দিকে বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা (এসবি) থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ সতর্ক থাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, আখাউড়া স্থলবন্দর পুলিশ ইতোমধ্যে ওই দুই জঙ্গিকে ব্ল্যাকলিস্টেড করেছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক দেওয়ান মোর্শেদুল হক জানান, ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা তাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি মইনুল হাসান শামীম ও আবু ছিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগীরা। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর গ্রামে ও সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।


