বিশেষ প্রতিবেদকঃ বেশ কিছুদিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন পুরান ঢাকার গেণ্ডারিয়াসহ আশপাশের এলাকার মানুষ। সেখানকার স্থানীয়রা বলছেন, বছরেরও বেশি সময় ধরে তারা কেবল মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নলকূপ থেকে পানি নিয়ে প্রয়োজন মেটাচ্ছেন।
তবে গেল কিছুদিন ধরে তাও বন্ধ হয়ে যাওয়ায় চরম মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।
সম্প্রতি পানির সংকট তীব্র হওয়ায়, রান্নাবান্না, গোসল বা ধোয়া-মোছার মতো জরুরি প্রয়োজন মেটাতে পারছেন না তারা। পানির সমস্যার কারণে অনেক ভাড়াটিয়া এলাকা ছেড়ে যাচ্ছেন। ফলে বাড়িগুলোতে ঝুলছে এমন নোটিস।
সেখানে পানির সংকট প্রকট হওয়ায় কারণে স্থানীয় পাম্পের উৎপাদন ক্ষমতা অর্ধেকের চে’কমে যায়। তার ওপর সম্প্রতি সরবরাহ লাইনে সমস্যা দেখা দেয়ায় এলাকাজুড়ে পানির এমন হাহাকার।
তবে এমন সমস্যা সমাধানে কী উদ্যোগ নিচ্ছে ওয়াসা- জানতে যাত্রাবাড়ির আঞ্চলিক অফিসে গেলে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শিহাব উদ্দিন জানান সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তবে আরটিভির ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজী হননি তিনি।
ভুক্তভোগী এলাকাবাসীর এখন একটাই প্রত্যাশা পানির মতো জীবন রক্ষাকারী অপরিহার্য উপাদানের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ চান তারা।



