তালা উপজেলার অধিকাংশ রাস্তাঘাট বেহাল অবস্থা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥ তালা উপজেলার অধিকাংশ রাস্তাঘাট জলাবদ্ধতার কবলে পড়ে অনেকটাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পিচ ঢালা পাকা রাস্তার পিচসহ খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত অহরহ দুর্ঘটনার স্বীকার হচ্ছেন জনসাধারণ। তারপরেও প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে সাধারন মানুষ । অপর দিকে উপজেলা প্রকৌশলীকে ম্যানেজ করে কাজ না করেই বিগত অর্থবছরের বরাদ্দের সমুদয় অর্থ উত্তোলন করে বসে আছে ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো।

বিগত অর্থ-বছরের  বরাদ্দের প্রকল্প’ গুলোর  বাস্তবায়ন না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছে সচেতন মহলে। এলাকাবাসীর অভিযোগ দূর্নীতি পরায়ন ইঞ্জিনিয়ারের কারণে খমকে গেছে তালার উন্নয়ন। তবে ঠিকাদাররা বলছেন, ইট-বালি পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে তালা উপজেলার তেঁতুলিয়া নওয়াগাড়া, তালা পাটকেলঘাটা, ধলবাড়ীয়া তেরছি, মদনপুর হাতবাশ, মাগুরা, ইসলামকাটি, বারাত, কাজীডাংগার এলাকা ঘুরে দেখা গেছে, পিচঢালা পথের উপর পিচের কোন অস্তিত্ব নেই।

গত অর্থ বছরের বরাদ্দ কৃত এডিপি সহ উন্নয়নের কাজ গুলি উপজেলা প্রকৌশলীর খাতায় সম্পন্ন দেখালেও বিগত অর্থ-বছরের বরাদ্দকৃত লক্ষনপুর মদনপুর-কলিয়ার রাস্তার কাজ এখনও চলমান। তবে তা কচ্ছপ গতিতে চলছে। তালা উপজেলা সদরের সরকারী কলেজ রোডের কাজটিও  কাগজে-কলমে অগ্রতি থাকলেও বাস্তবে নেই। আইআর ডিপির মাগুরা হতে মাদরার রাস্তাটি কিন্তু সামান্য কাজ করেই ঠিকাদার ঐ অবস্থায় ফেলে রেখেছেন। খলিলনগর ইউনিয়নের আখড়া খোলার রাস্তাটি পড়ে আছে সামান্য কাজ শেষে।

এছাড়া বিগত অর্থ বছরের তালা উপজেলার বিভিন্ন রাস্তার  ইটের সোলিং , রাস্তা পাইলিং সহ কয়েকটি কালভার্ট’র কাজও আদৌ শুরু হয়নি, কিন্তু উপজেলা প্রকৌশলীর দপ্তরে তা শতভাগ সম্পন্ন হয়েছে বলে স্বীকৃত।  তালা থেকে জেলা সাতক্ষীরা সদরে যাওয়ার একমাত্র  সড়কের  ইসলামকাটি এলাকায় ১০ কিঃ মিঃ রাস্তা একবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাগুলো বছরের পর বছর জীর্ণ দশায় থাকলেও কর্তৃপক্ষ দৃষ্টি দিচ্ছেন না  সেদিকে ।  ভুক্তভোগী এলাকাবাসী জানায়, বিগত ৩/৪ বছর যাবৎ শোনা যাচ্ছে, এ সকল রাস্তাগুলো পূনঃনির্মান হবে, নির্বাচন আসলেই জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের বৈতরনী পার হয়ে যান। কিন্তু পরে তার কোন খবর রাখেন না। তালা উপজেলার বিভিন্ন এলাকার রাস্তঘাট পূর্নঃসংস্কার করা অতিব জরুরী বলে মনে করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম জানান, জলাবদ্ধতার কারণে আমার ইউনিয়নের প্রায় সকল রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০১৫ সালে তেঁতুলিয়া থেকে নওয়াপাড়ার প্রায় ৫ কিঃ মিঃ রাস্তার টেন্ডার হলেও তা বাতিল হওয়ায় জনগনের ভোগান্তী লাঘব হচ্ছে না। অপর দিকে শুভাশুনী বাজার হতে সেতুর বাজার পর্যন্ত ৩ কিঃ মিঃ পাকা রাস্তার অবস্থা খুবই নাজুক।  তিনি দ্রুত রাস্তাগুলো সংস্কারের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

তালা সদরের উপজেলা চেয়ারম্যানের বাড়ীর রোডের বাসীন্দা প্রভাষক অচিন্ত সাহা বলেন, অত্যন্ত জণগুরুত্বপূর্ণ কলেজের পিছনের এ রাস্তাটি। কিন্তু খোড়া-খুড়ি করে কিছু নিম্নমানের খোয়া ফেলে রাখা হয়েছে ৪/৫ মাস আগে। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি’র দপ্তরে বারবার বলেও কাজ হয়নি। তালার প্রথম শ্রেনীর ঠিকাদার কল্যান বসু ,কনক ঘোষ, জাহাঙ্গীর হোসেন, সুলতান আহম্মেদ সহ কয়েকজন ঠিকাদারের সাথে আলাপ কালে তারা বলেন,  ইট পাওয়া যাচ্ছেনা, ভাটার নতুন ইট না বের হলে কাজ শুরু করতে পারছিনা। কিন্তু উপজেলা ইঞ্জিনিয়ার জসিম বলছেন, সকল কাজ  সম্পন্ন হয়ে গেছে।

তালা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক জানান, কলেজ রোডে নিম্নমানের ইট খোয়ার ব্যাপারে উপজেলা ইঞ্জিনিয়ারকে অভিযোগ জানালে ইঞ্জিনিয়ার বলেন, কে বলেছে খারাপ ইট, এইটা ল্যাব টেষ্ট ইট-খোয়া ! এইটা কোন ল্যাব থেকে টেষ্ট করা হলো ! এমন আশ্চর্য্য ল্যাব ইঞ্জিনিয়ার কোথায় পেলেন প্রশ্ন করেন প্রফেসর আঃ মালেক ।

বিষয়টি নিয়ে তালা উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী আবু সাইদ মোঃ জসিম’র কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তার কাজে কোন অনিয়ম হয়নি। সঠিক সময় কাজ সম্পন্ন হয়েছে। এ সময় দৃশ্যমান কয়েকটি রাস্তার চিত্র তুলে ধরলে তিনি এড়িয়ে গিয়ে বলেন, আমি যা বলার বলেছি, এর বাইরে কোন তথ্য পেতে হলে তথ্য আইনে জেলা এক্সচেঞ্জ বরাবর লিখিত আবেদন করতে হবে, জেলা কর্তৃপক্ষ অনুমোদন দিলে আমি জানাবো। এ সময় ব্যস্ততার অজুহাত দেখিয়ে তিনি সাফ জানিয়ে দেন এর বাইরে কিছু বলতে আমি বাধ্য নয় । ভুক্তভোগী এলাকাবাসী তালা উপজেলার রাস্তা-ঘাট চলাচলের উপযোগী করতে জনপ্রতিনিধি সহ প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।