আন্তর্জাতিক ডেস্কঃ আগামী বছর থেকে ওষুধ হিসেবে ব্যবহারের জন্য গাঁজা বৈধ হয়ে যাচ্ছে ডেনমার্কে। তবে তার আগেই গাঁজা চাষের অনুমতি পাবার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন কোম্পানি। ক্যান্সার ও মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশমের জন্য গাঁজা বা ক্যানাবিস ব্যবহৃত হয়ে থাকে।
ডেনমার্কের মোট ১৩টি কোম্পানি ইতিমধ্যেই কর্তৃপক্ষের কাছে গাঁজা চাষ করার অনুমতি চেয়ে আবেদন করেছে। চার বছর ধরে পরীক্ষা চালানোর পর ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ডেনমার্কে গাঁজা বৈধ হচ্ছে- যাতে রোগীরা প্রেসক্রিপশনের মাধ্যমে গাঁজা কিনতে পারেন।
তবে ঠিক কীভাবে এই গাঁজা উৎপাদিত হবে তার খুঁটিনাটি নিয়ে এখনো ডেনিশ পার্লামেন্ট কাজ করছে। কিছু ওষুধ কোম্পানি এখনো গাঁজা উৎপাদনের অনুমতি চায় নি। ডানস্ক গার্টেনরি নামের এক কোম্পানির কর্মকর্তা ইয়োর্গেন কে এন্ডারসন বলেছেন, এ ব্যাপারে নিয়মকানুন খুবই জটিল।
গাঁজা দিয়ে একজন রোগীর চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ৬,০০০ ক্রোন বা ৯৩৫ মার্কিন ডলার। তবে অনেকে বলছেন, ডেনমার্কে উৎপাদিত গাঁজা অন্য দেশে রপ্তানি করে হয়তো এ খরচ কমিয়ে আনা যেতে পারে।
গাঁজা সম্পর্কে তথ্য:
গাঁজা মূলতঃ সপুষ্পক উদ্ভিদের গণ, যেখানে cannabis sativa, cannabis indica এবং cannabis ruderalis, এই তিনটি ভিন্ন প্রজাতি আছে। cannabis ruderalis মধ্য ও দক্ষিণ এশিয়ার স্থানীয় প্রজাতি। সুপ্রাচীনকাল থেকেই গাঁজা গাছের পাতা, বীজ ও বীজ থেকে উৎপাদিত তেল ঔষধি উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে। সেই সাথে এটি বিশ্বব্যাপী একটি বিনোদনমূলক মাদক হিসাবেও পরিচিত।
উইকিপিডিয়া থেকে আরও জানা যায়- গাঁজা শরীরের বিষ-ব্যথা সারায়। ভারতবর্ষের প্রাচীন ও মধ্যযুগীয় চিকিৎসাশাস্ত্রে এর ব্যবহার রয়েছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা গাঁজার ওপর গবেষণা করে জেনেছেন, এ থেকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন ব্যথানাশক ওষুধ প্রস্তুত করা সম্ভব, যা মানুষের কোনো ক্ষতি করবে না। গবেষণাটি করেছে ফ্রান্সের বায়োমেডিকেল ইনস্টিটিউট। গবেষকরা জানান, ‘তারা ইঁদুরের মস্তিষ্কের যে অংশের কোষের নিউরনে গাঁজা বা মারিজুয়ানার মাদক ক্রিয়া করে তা ওষুধ প্রয়োগ করে নিষ্ক্রিয় করেন প্রথম। এরপর ওই ইঁদুরের শরীরে এসব মাদক প্রবেশ করিয়ে দেখা গেছে, তাতে ইঁদুরটি বেহুঁশ হয় না। বরং তার প্রাণচাঞ্চল্য ঠিকই থাকে। এ অভিজ্ঞতা থেকে বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্যথানাশক হিসেবে গাঁজা বা মারিজুয়ানার ভালো গুণ মানুষের বিভিন্ন রোগের ওষুধ এবং অস্ত্রোপচারের জন্য চেতনানাশক হিসেবে ব্যবহার করা যাবে। শিগগিরই গাঁজা ও মারিজুয়ানার নির্যাস থেকে পার্শ্বপ্রতিক্রিয়াহীন এ ওষুধ প্রস্তুত হবে। আমেরিকার ক্যালিফোর্নিয়া ও আলাবামা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এক গবেষণায় দেখেছেন, গাঁজা সেবনে ফুসফুসের ক্ষতি তামাক পাতায় প্রস্তুত সিগারেট পানের চেয়ে কম।



