বিশেষ প্রতিবেদকঃ গাজীপুরের টঙ্গী থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় অপহৃত ব্যবসায়ী হাজি মো. আলমগীর হোসেনকে উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গাজীপুরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার হারুন অর রশীদ।
পুলিশ সুপার জানান, টঙ্গীর আরিচপুর থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে শফি আহমেদ, স্বপন ইসলাম ও মো. জাচ্চু মোল্লা ওই ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার সকালে অপহরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ গতকাল রাতেই জয়দেবপুর থানার লক্ষ্মীপুরা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে। এ সময় অপহরণকারীদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫০০ ইয়াবা বড়ি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে শফি আহমেদ টঙ্গী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ও জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম।




