ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয় প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয় প্রতিপাদ্য নিয়ে আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত সমিতিগুলো কর্মসূচি পালন করবে।

সমিতি সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় শাহবাগে বারডেম কার পার্কিং থেকে রমনা পার্কের গেট পর্যন্ত রাস্তার একপাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে রোড শো করা হবে। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রমনা পার্কের গেটের পাশে, ধানমণ্ডি রবীন্দ্রসরোবরে এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। সকাল ১০টায় বারডেম অডিটরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন ছাড়াও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় বিশেষ ছাড়ে হার্ট ক্যাম্প করা হবে।

বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যাও প্রায় ৯০ লাখ, বছরে বাড়ছে আরও ১ লাখ রোগী। ২০১৯ সালে বাংলাদেশ শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে দশম। আরও ভয়াবহ হলো ২০৩০ ও ২০৪৫ সালে বাংলাদেশ নবম স্থানে থাকবে।

‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি বাণীতে বলেন, সারা পৃথিবীতেই ডায়াবেটিস বাড়ছে। বাংলাদেশেও এখন রোগটির ব্যাপকতা অনেক বেশি। নগরায়ণের কারণে জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এবং কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিনদিন বাড়ছেই। বর্তমানে সারা পৃথিবীতে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৪৬ কোটি, যা ২০৩০ সালে ৫৮ কোটিতে পৌঁছাবে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন। এ রোগের কারণে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি, চোখ, মাড়ির রোগ এবং পঙ্গুত্বসহ মৃত্যুর ঝুঁকিও। এ অবস্থায়, ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সময়মতো চিকিৎসাসেবা নিতে হবে। যে কারণে এবার ‘‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ এর প্রতিপাদ্য স্থির করা হয়েছে ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ (Access to diabetes care. If not now, when?)’  প্রতিপাদ্যটি যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ডায়াবেটিস সারা জীবনের রোগ। কিন্তু একে সুনিয়ন্ত্রিত রাখতে পারলে সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব। কাজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদের ডায়াবেটিসের ঝুঁকিসমূহ সম্পর্কে জানতে হবে, অন্যদেরকেও অবহিত করতে হবে। কারণ, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার অভাবে এ দেশে প্রতিবছর অসংখ্য ডায়াবেটিক রোগী হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ, চোখের রোগ ও মাড়ির রোগে আক্রান্ত হন। অনেকে পঙ্গুত্ববরণ করা ছাড়াও নানা শারীরিক জটিলতার শিকার হন, এমনকি অনেকে মৃত্যুবরণ করেন। কাজেই, এ রোগ সম্পর্কে জনগণকে ব্যাপকভাবে সচেতন করে তুলতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।