ক্রীড়া ডেস্কঃ পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগারদের ‘এ’ দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে শেষ হয়েছে। দ্বিতীয় ম্যাচ টাইগাররা জিতেছিল ৩ উইকেটে। মঙ্গলবার (২৪ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে বাংলাদেশের পেস-স্পিনের জোড়া আক্রমণে ১০৩ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সেটি বাংলাদেশ পেরিয়ে গেছে ১৬২ বল বাকি থাকতেই! প্রথমে টস জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুতেই আইরিশদের ধ্বংসস্তূপে পরিণত করেন টাইগার পেসার আবু হায়দার রনি। ৩০ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পরে সফরকারীরা। এর ৩টি উইকেট নেন রনি।
অ্যান্ডি বলবার্নি তৃতীয় উইকেটে লরকান টাকারের সঙ্গে ৩১ রানের জুটি করে। এরপর আবার জোড়া ধাক্কা দেয়। পরপর দুই ওভারে আইরিশদের ২ উইকেট তুলে নেন সানজামুল ইসলাম ও আবুল হাসান রাজু। ২৯ রানে ৩ উইকেট নিয়ে টাইগারদের সেরা বোলার রনি। তানভীর হায়দার ও সানজামুল নেন ২টি করে উইকেট। শুভাশিস রায়, রাজু ও আল-আমিন নেন একটি করে উইকেট। লক্ষ্যে নেমেই ৩৩ রানের উদ্বোধনী জুটি গড়ে সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়। ২ ছক্কা ও এক চারে বিজয় ২০ রান করে পিটার চেজের বলে বোল্ড হয়ে গেলে ভাঙে উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে এসে অধিনায়ক শান্তর সঙ্গে ৪৭ রানের আরেকটি ভালো জুটি গড়ে ফেরেন সাদমান (২৪)। আল-আমিনকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শান্ত। ৩৮ বলে ৭ চারে ৪১ রানে অপরাজিত ছিলেন। ১৪ রানে অপরাজিত থাকেন আল আমিন।
প্রোটিয়া সফরে খারপ করছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের জয়রথ চলছেই। তৃতীয় একদিনের ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যান অব দ্য ম্যাচ আবু হায়দার রনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ২৩ ওভারে ১০৬/২ (সাদমান ২৪, বিজয় ২০, শান্ত ৪১*, আল-আমিন ১৪*)
আয়ারল্যান্ড ‘এ’ দল: ৩৫.৪ ওভারে ১০৩/১০ (বলবার্নি ৫২, কেটকেট ২৩, সিমি সিং ৭)

