ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৮ অক্টোবর’২০১৬ঃ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝিনাইদহে হতদরিদ্রদের মাঝে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচী চলছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিয়ষখালী বাজারে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
তালিকা সংক্রান্ত জটিলতার কারণে এ ইউনিনের একমাস পর এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, খাদ্য পরিদর্শক তানজিলুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ সকল ইউপি সদস্যরা।
খাদ্য বিভাগ জানান, সরকারের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় এই ইউনিয়নে ২ জন ডিলারের মাধ্যমে ১২’শ ১৯ জন দু:স্থ অসহায়দের মাঝে ১০ টাকা দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
সরকারের এই কর্মসূচীতে খুশি এলাকার দু:স্থ মানুষ। চাল নিতে আসা এক ব্যক্তি জানান, এখানে যে চাল দেওয়া হচ্ছে তা মান সম্মত এবং খাওয়ার উপযোগী। চাল ওজনে কম দেওয়া হচ্ছে না।
এ ব্যাপারে চেয়ারম্যান খুরশিদ আলম জানান, ইউনিয়নের ১২’শ ১৯ জনকে চাল দেওয়া হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে যাচাই বাছায়ের মাধ্যমে কার্ড দেওয়া হয়েছে। এরপরও যদি কোন অনিয়ম হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।





