ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘সাক্ষরতা অর্জন করি, ডিজিটাল বিশ্ব গড়ি’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারী বালক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী, ভাষা সৈনিক আমির হোসেন মালিতা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক শেখ সুরুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা অর্জন প্রতিটি মানুষের অধিকার। তাই প্রতিটি মানুষের সাক্ষরতা অর্জনের মাধ্যমে দেশ তথা বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হবে।


