স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবা টেবলেটসহ সেলিম হক ও মিজানুর রহমান নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ।
বুধবার রাতে কালীগঞ্জ পৌরসভায় কশিপুর ও নিমতলা গান্না রোড থেকে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, পৌরসভার কশিপুর বেদে পাড়ার শামসুল হকের ছেলে সেলিম হক ও কমলাপুর গ্রামের মুরাদ আলীর ছেলে মিজানুর রহমান।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদুল ইসলাম জানান, ঝিনাইদহ ডিবি পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালায় । সে সময় কাশিপুর বেদেপাড়া থেকে ৫৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সেলিমকে ও নিমতলা গান্না রোডের আল-মক্কা বেকারীর সামনে থেকে ১৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমানকে আটক করে।
তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় পৃথক দুটি মাদকের মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



