ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একমণ মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এক জেলেকে আটক করে দশ দিনের কারাদ- ও দুইশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকালে আটককৃত জালাল হাওলাদারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশ্রাফুল ইসলাম এ দ-াদেশ প্রদান করেন।
নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সুগন্ধা নদীর সারদল এলাকায় জাল ফেলে মা ইলিশ ধরছিল জেলে জালাল হাওলাদার। অভিযানের টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় একমণ মা ইলিশ জব্দ করা হয়। এদিকে গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জালগুলো নলছিটি ফেরিঘাট এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ অক্টোবর থেকে টানা ২২ দিন ইলিশ আহরণ, পরিহরন, মজুদ, বাজারজাত ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আইন অমান্য করে জেলেরা নদীতে জাল ফেলে মা ইলিশ ধরছেন। ইলিশ রক্ষায় সার্বক্ষণিকভাববে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।