সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জ্ঞানভাণ্ডারের রসদ সরবরাহী হলেন গ্রন্থাগারিকগণ। তারা রসদ সরবরাহ করে আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করে থাকেন। আর সেই রসদ হলো জ্ঞান উপকরণ বই।
প্রতিমন্ত্রী আজ ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) কর্তৃক আয়োজিত ‘শিক্ষায়তনিক গ্রন্থাগার পেশাজীবীদের প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার এবং ময়মনসিংহ বিভাগীয় গ্রন্থাগার পেশাজীবীদের মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতি গড়ার কারিগর হলেন শিক্ষক সমাজ। আর শিক্ষক তৈরির কারিগর হলেন গ্রন্থাগারিকগণ। যথাযথ উপকরণ ও রসদ সরবরাহের মাধ্যমে তারা জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখেন। জাতি গড়ার কারিগরগণ নানা কারণে আজ অবহেলিত। তাদের প্রাতিষ্ঠানিক পদমর্যাদা বৃদ্ধিতে পদক্ষেপ নেয়া দরকার। তিনি এসময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর দাবিদাওয়া পূরণেরও আশ্বাস দেন।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) ময়মনসিংহ বিভাগের সভাপতি মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজুর রহমান ও ল্যাব এর মহাসচিব মোহাম্মদ হামিদুর রহমান।