ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ আগস্ট’২০১৭: ৪৬ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে অপরাজিতভাবে ঝিনাইদহ চ্যাম্পিয়ন হয়েছে কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা।
বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ শহরের নিউ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা চ্যাম্পিয়র হওয়ার গৌরব অর্জন করে। খেলার দ্বিতীয়ার্ধে পিকুল হোসেন ও নয়ন দুইটি গোল করেন।
সেমিফাইনালে মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ৪-১ গোলে পরাজিত করে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা ফুটবল টিম ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে দলটি উপজেলা পর্যায়ে অপরাজিত চ্যাম্পিয়ান হয়। চ্যাম্পিয়ান হওয়া দলটির সার্বিক ত্বত্তাবধায়নের দায়িত্ব পালন করেন বালিয়াডাঙ্গা এমএস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক শাহাবুদ্দীন হোসেন সাবু।
খেলাটি দেখতে প্রচুর ফুটবল প্রেমীদের সমাগম ঘটে। এছাড়া দলটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বালিয়াডাঙ্গা এলাকাবাসীসহ উপজেলা শহর থেকে প্রচুর দর্শকরা সেখানে সমাগম ঘটায়।
খেলা শেষে জেলা মাধ্যমিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলামের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ী বালিয়াডাঙ্গা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপ-সচিব আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস।
এদিকে বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় দলটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম কামরুজ্জামান, ত্রিলোচনপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা, বালিয়াডাঙ্গা মাদ্রাসার সভাপতি মহাসিন আলী, সুপার মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মারফত উল্লাহ মাস্টার প্রমুখ।



