জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। দেশ জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধবিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতিসহ প্রায় অর্ধ লক্ষাধিক মুসল্লি।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এ সময় প্রিয়জনকে আলিঙ্গনে উৎসবে মেতে উঠেন মুসল্লিরা।

ভোর থেকেই রঙিন পোশাকে উৎসবের আমেজ রাজধানীতে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা চাদরের মধ্য দিয়েই একে একে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাবার হাত ধরে আসে ছোট্ট শিশুরা। আলাদা ব্যবস্থা থাকায় নারীদেরও দেখা যায় সরব উপস্থিতি।

সকাল সাড়ে ৭টায় সুপ্রিমকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে হয় ঈদের প্রধান জামাত। ঈদগাহের বাইরে মূল সড়কেও জামাতে শরিক হোন নগরবাসী। বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের ইমামতিতে ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, ঢাকা দক্ষিণের প্রশাসক, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ।

নামাজ শেষে লাখো হাত একসঙ্গে ওঠে মহান রাব্বুল আলামীনের দরবারে। ঈদুল আজহার তাৎপর্য, মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেন মুসল্লিরা।

ঈদের নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করেন মুসল্লিরা। সুন্দর পরিবেশে ঈদ নামাজ আয়োজনে সন্তোষ জানান তারা। প্রত্যাশা জানান, সুন্দর আগামীর।

ঈদের প্রধান জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি করপোরেশন। অংশ নেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ।

হজরত ইবরাহিম (আ.) ও হজরত ইসমাইল (আ.)-এর অতুলনীয় আনুগত্য ও আত্মত্যাগ স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিক্ষা নিচ্ছেন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রসহ সর্বত্র উন্নতি ও শান্তির জন্য নিঃস্বার্থ আত্মত্যাগের। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত, আর বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই ঐক্য, বছরজুড়ে অটুট রাখার প্রত্যয় মুসল্লিদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।