সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে জাজিরায় শুরু হয়েছে পদ্মার ভয়াবহ ভাঙ্গন। গত ২ দিনে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ৪টি গ্রামসহ খেজুরতলা বাজারের প্রায় ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েগেছে। এক কিলোমিটার পাকা সড়ক, ৫শ মিটার পল্লী বিদ্যুতের লাইন ও শত শত বিঘা ফসলী জমিও বিলীন হয়ে গেছে এই ভাঙ্গনে। ভাঙ্গনের মুখে রয়েছে কয়েকটি শিক্ষা ও ধর্শীয় প্রতিষ্ঠান। কোন সরকারি সহায়তা পৌছেনি ক্ষতিগ্রস্তদের কাছে। নদী ভাঙ্গা থেকে বাঁচতে একটি স্থায়ী বেরী বাধ নির্মানের দাবি করছে এলাকাবাসী।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ভাঙ্গন কবলিত এলাকার পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। এ সব এলাকার লোকজন দিন রাত করে তাদের বসত ঘর, আসবাপত্র, গবাদী পশু ও গাছ পালা কেটে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও প্রশানের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারী ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে এখনো উল্লেখযোগ্য কোন ত্রান বিতরণ করা হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, গত বৃহস্পতিবার গভীর থেকে শুরু হয়ে শনিবার বিকেল পর্যন্ত শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর খেজুরতলা বাজারের মজিবর মোল্যা, মোখলেছ খালাসী, ইয়সিন বেপারী, উজ্জল মোল্যা জানান, এই বাজারের অন্তত ৭০ জন ব্যবসায়ীর শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পদ্মা নদী গর্ভে বিলীন হয়েগেছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা নতুন করে কোথাও ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জায়গা খুজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। কুন্ডেরচর-বিলাশপুর সড়কের প্রায় এক কিলোমিটার পাঁকা সড়ক, ৫শ মিটার পল্লী বিদ্যুতের লাইন ও কয়েক শত বিঘা ফসলী জমি পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গন কবলিত এলাকার লোকজন অর্ধাহারে অনাহারে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এ সব এলাকার লোকজন দিন রাত করে তাদের বসত ঘর, আসবাপত্র, গবাদী পশু ও গাছ পালা কেটে অন্যত্র নিয়ে যাচ্ছে। কিছু কিছু পরিবার আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয় নিলেও অনেক পরিবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছে।
জাজিরা উপজেলার বাইরেও নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি গ্রামে শুরু হয়েছে পদ্মার ভাঙ্গন। সেখানেও শত শত মানুষ তাদের বসত বাড়ি ফসলী জমি হারিয়ে অসহায় হয়ে পরেছে।
ভাঙ্গনের মুখে রয়েছে কলমিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি পাকা মসজিদ। এদিকে শুক্রবার দুপুরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করে প্রতি পরিবারকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও প্রশানের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারী ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রান বিতনের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
কলমিরচর ইসমাইল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুনিমর রায় বলেন, এর আগে পদ্মার ভাঙ্গনের কবলে পড়ে এক কিলোমিটার দক্ষিনে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করি। এবার গত এক সপ্তাহ যাবত পদ্মা ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। যে কোন মুহুর্তে আমাদের প্রান প্রিয় বিদ্যালয়টি বিলীন হয়ে যেতে পারে।
ক্ষতিগ্রস্ত ফিরোজা বেগম, পিয়ারা বেগম ও হেনা আক্তার বলেন, আমরা চোখের পলকেই আমাদের ঘর বাড়ি সব কিছু নদীতে চলে গেল, আমরা অসহায়ের মত শুধু দেখলাম। কিছুই করতে পারলাম না। এখন আমরা রাতে মশার কামড় খেয়ে অনিদ্রায় থাকি। ঠিক মত দুই বেলা খেতে পাইনা। কেউ আমাদের একটু সাহায্যও করেনা। আমরা সরকারের কাছে একটা বেড়ি বাধ চাই।
শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, সুরেশ্বর বন্যা নিয়ন্ত্রণ বাধ নামে প্রস্তাবিত একটি প্রকল্প হাতে নেয়া নেয়া হয়েছে। প্রায় ৩ শত কোটি টাকা ব্যয়ে এই বাধ নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষ নদী ভাঙ্গনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা পাবে।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বি.এম মোজাম্মেল হক বলেন, এই এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘ দিনের সমস্যা নদী ভাঙ্গন। একটা স্থায়ী বাধ নির্মাণ করে এ সমস্যার সমাধানের জন্য আমি বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে উত্থাপন করবো।