যশোরে আলাউদ্দিনকে ছুরি মেরে হত্যা

যশোর প্রতিনিধি: যশোরে আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।

আজ সকাল সাড়ে ১০টার দিকে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিন শহরতলীর আরবপুর এলাকার শুকুর আলীর ছেলে।

যশোর কোতোয়ালী থানার ওসি মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে পূর্ববারান্দিপাড়া এলাকায় কয়েক যুবক আলাউদ্দিনকে ধাওয়া করে একটি মেহগনি বাগানের মধ্যে নিয়ে যায়। এরপর তাকে বুকের দু’পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহত আলাউদ্দিন তার এলাকায় চোর হিসেবে চিহ্নিত। এক সপ্তাহ আগে সে জেল থেকে বের হয়। ধারণা করা হচ্ছে সহযোগীদের হাতেই খুন হয়েছে সে। তবে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। কে বা কারা কেন এই হত্যাকন্ড ঘটিয়েছে সেটি উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

এদিকে নিহতের বাবা শুকুর আলী জানান, বছর পাঁচ আগে আলাউদ্দিন বাড়ি থেকে বের হয়ে যায়। সে কুসঙ্গে পড়ে নেশা-ভাঙ করে বেড়াতো, বাড়িতে আসতো না। আজ সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে এসেছেন। কারও সঙ্গে শত্রুতা ছিল কি না কিংবা এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তিনি বলতে পারেন না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।