বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত শোভাযাত্রায় দাঁড়ানো নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ভিত্তিক ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও ভিএক্সের কর্মীদের মধ্যে শোভাযাত্রায় দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে দুই গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়। উভয় গ্রুপ সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী।
পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহতদের মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সাইদ আহমদ নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু বলেন, শোভাযাত্রায় মধ্যে দাঁড়ানো নিয়ে ভুল বোঝাবুঝি হয়। পরে মিছিল হলে আবার উত্তজেনা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারি প্রক্টর লিটন মিত্র জানান, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




