চিকিৎসার জন্য চেন্নাই শঙ্কর নেত্রালয়ের পথে সিদ্দিকুর

বিশেষ প্রতিবেদকঃ উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন পুলিশের টিয়ারশেলে চোখ হারাতে বসা তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুর ১টায় সিদ্দিকুরকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

এর আগে সকালে  জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল থেকে অ্যাম্মুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। এসময় চোখের দৃষ্টি ফিরে পেতে সবার কাছে দোয়া চান তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই ছাত্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সব দায়িত্ব নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তাকে চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে নেয়া হচ্ছে।

সিদ্দিকুর রহমানের সঙ্গে চেন্নাই যাচ্ছেন তার ভাই নওয়াব আলী ও চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদুল আহসান মেনন।

ডা. মেনন বলেন, শুক্রবার রাত ৮টা ৫৫ মিনিটে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেয়া আছে। আজ রাতে অথবা কাল সকালে ডাক্তারের সঙ্গে দেখা করব।

গেলো বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেন। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ছোড়ে এবং লাঠিপেটা করে।

পুলিশের টিয়ারশেল চোখে লাগলে গুরুতর আহত হন সিদ্দিকুর রহমান। চিকিৎসকরা জানিয়েছেন, তার একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আরেক চোখে আলো ফেরার কিছুটা আশা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।