ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় সঞ্জয় পাল জয় নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে গাইবান্ধা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সমকালকে এ তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) মোশাররফ হোসেন।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজে হামলায় জড়িত সন্দেহে গাইবান্ধা থেকে সঞ্জয় পাল জয় নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করতে ঢাকা থেকে আগত পুলিশের একটি দলকে আমরা সাহায্য করেছি। এ বিষয়ে ঢাকায় একটি মামলা হয়েছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) মারধর ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় রোববার চার দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। পরে বিক্ষোভ করে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দেন তারা। স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত করেন চিকিৎসকরা।


