শোভন দত্ত, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে এক কোটি টাকা মূল্যের ১০ হাজার পিস ‘হলুদ ইয়াবা’সহ সাইফুল ইসলাম শাকিল (২৭) ও মহিউদ্দিন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার সকালে নগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ী রেলগেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাকিল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন চিটুয়া নোয়াপাড়া গ্রামের আনজু মিয়ার ছেলে। অন্যদিকে, মহিউদ্দিন নোয়াখালী জেলার সুধারাম থানাধীন আলেকজান্ডার ছয়দিঘী গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, তথ্যের ভিত্তিতে মাদারবাড়ী রেলগেইট এলাকার মমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতর থেকে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস হলুদ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবাগুলোর বর্তমান বাজার মূল্যে এক কোটি টাকা জানিয়ে তিনি বলেন, এঘটনায় তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



