গৌরনদী স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

গৌরনদী স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

বরিশালের গৌরনদীতে স্বাস্থ্যসেবায় দুর্নীতি, দায়িত্বে গাফিলতি, টেস্ট বাণিজ্য ও রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে সাধারণ বিক্ষুব্ধ মানুষ।

এসময় বিক্ষুদ্বরা ডা. মনিরুজ্জামানের কুশ পুত্তলিকা দাহ করে। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় আন্দোলনকারীরা ‘আমরা ব্যবসায়ী নয়, ডাক্তার চাই’। ‘সরকারি হাসপাতাল নয়, এটা হয়েছে কমিশন ক্লিনিক’। ‘মনিরুজ্জামান হটাও, স্বাস্থ্য সেবা বাঁচাও’ এমন সব প্রতিবাদী স্লোগানে সরব হয়ে ওঠে গোটা মহাসড়ক। এসময় বরিশালÑঢাকা মহাসড়কের দু’পাশে বহু যানবাহন আটকা পরে।

আন্দোলনকারীরা জানান, গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবার পরিবর্তে ব্যক্তিস্বার্থে কমিশন বাণিজ্যে লিপ্ত রয়েছেন। সরকারি ল্যাব থাকলেও সেখানে প্রয়োজনীয় টেস্ট হয় না। রোগীদের প্রেসক্রিপশনে ‘৭ নম্বর’ লিখে বাইরে নির্দিষ্ট একটি প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়। যেখানে তিনি কমিশন পান বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ রোগীদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। এতে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে।

পৌর যুবদল নেতা নুর উদ্দিন বুদ্ধি অভিযোগ করে বলেন, ‘ডা. মনিরুজ্জামান সেবা দিতে নয়, কমিশন নিতে হাসপাতালে আসেন। এর আগেও ছাত্রজনতা তার কক্ষ থেকে একাধিক প্রাইভেট ল্যাবের মানি রিসিপ্ট জব্দ করেছে। এমন কর্মকর্তার হাতে স্বাস্থ্যসেবা নিরাপদ নয়।’

সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিক্ষোভকারীদের শান্ত করতে ঘটনাস্থলে আসেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত তারা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন ও মডেল থানার ওসি মো. ইউনুস মিয়াসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এ সময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। ।

তবে প্রশাসনের এমন আশ্বাসে অবরোধকারীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করলেও তাদের পক্ষ থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আর শুধু সড়ক অবরোধ নয়, আমরা উপজেলা নির্বাহী অফিস ও ভূমি অফিস ঘেরাও করব। প্রশাসনকে জানিয়ে দিচ্ছি আর সময় নাই, এবার জনতার ধৈর্যের বাঁধ ভাঙবেই।’

প্রতিবাদের একপর্যায়ে আন্দোলনের মুখে কোনো বক্তব্য না দিয়েই চুপিসারে হাসপাতাল ত্যাগ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।