ভারত প্রতিনিধিঃ দিল্লীর কোন্ডলি বিধানসভা এলাকায় মাত্র ১ টাকায় মিলবে ভরপেট খাবার। দক্ষিণ ভারতে আম্মা রসোইয়ের আদলে এবার দিল্লীতে একই রকম রসোই খুলতে চলেছে।
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে পূর্ব দিল্লীর গান্ধী নগরের কোন্ডলি বিধানসভা এলাকায় অনাহারে থাকা মানুষদের জন্য ক্যান্টিন খুলবে।
দুপুরের খাওয়া এখানে মাত্র একটাকায় পাওয়া যাবে। পূর্ব দিল্লীর সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর দিল্লীর গরিব মানুষদের পেট ভরে খাবার খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। এটা গম্ভীরের ড্রিম প্রোজেক্টের মধ্যে একটি।
পরিকল্পনা অনুযায়ী, দিল্লীর সমস্ত বিধানসভা এলাকায় এরকম ক্যান্টিন খুলবেন গৌতম গম্ভীর। এই ক্যান্টিনে পেট ভরে ভাত, ডাল আর দুরকম সবজি পাওয়া যাবে। টোকেন সিস্টেমের মাধ্যমে এখানে খাবার খাওয়ানো হবে। টোকেন পাওয়ার পর এই ক্যান্টিনে বসে খাবার খেতে পারবে। তবে এখান থেকে কেউ বাইরে খাবার নিয়ে যেতে পারবে না।
পেট না ভরলে আবারও সমস্ত খাবার দেওয়া হবে। এই ক্যান্টিন চার থেকে পাঁচ ঘণ্টা খোলা থাকবে। বৃহস্পতিবার এই ক্যান্টিনের উদ্বোধন বিজেপির সাংসদ গৌতম গম্ভীর করবেন। ক্যান্টিনে গম্ভীরের ক্রিকেট সফর দেখা যাবে। গম্ভীরের ক্রিকেট জীবনী ছবির মাধ্যমে তোলা হবে সেখানে।
উল্লেখ্য এরকম পরিকল্পনা দিল্লীর প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত শুরু করেছিলেন। যদিও সেখানে একটাকার জায়গায় ১০ টাকায় খাবার দেওয়া হত। কিন্তু গম্ভীরের ক্যান্টিনে মাত্র একটাকায় ভরপেট খাবার দেওয়া হবে।



