আরও সম্পদ বাড়ল আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানির। তার ফলে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। আজ একদিনেই আদানির সম্পদের পরিমাণ বেড়েছে ৫ বিলিয়ন মার্কিন ডলার। তার সুবাদেই জেফ বেজোসকে পেছনে ঠেলে দিয়ে তিনি বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হয়ে গেছেন।
ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বা ৩.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, বার্নার্ড আর্নল্ট ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাপিয়ে গেছেন।
ফোর্বসের রিয়েল টাইম তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার বিশ্বে সবচেয়ে বেশি ফুলেফেঁপে উঠেছেন আদানি। তার সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। তার ফলে আদানির মোট সম্পদের পরিমাণ ১৫৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে।
ভারতীয় এই ধনকুবেরের চেয়ে এগিয়ে আছেন শুধু টেসলার কর্ণধার ইলন মাস্ক। টেসলার মোট সম্পদের পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন মার্কিন ডলার।




