গণমাধ্যমের ওপর হামলা ক্ষমার অযোগ্য অপরাধ। স্বাধীনতার ৫০ বছরেও দেশের সাংবাদিকতা অনিরাপদ। সাংবাদিক নাদিম হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। বলেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
শুক্রবার (১৬ জুন) এক শোক বার্তায় নিহত সাংবাদিক নাদিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এসব কথা তিনি বলেন।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
একইসঙ্গে নিহতের পরিবারের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় একইভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
দুর্বৃত্তদের হামলায় আহত বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত আঘাত করে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত তাকে সড়ক থেকে মারধর করতে করতে টেনেহিঁচড়ে অন্ধকার গলিতে নিয়ে যায় এবং তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। সেসময় সহকর্মী মুজাহিদ তাদের আটকাতে গেলে তাকেও মারধর করে দুর্বৃত্তরা।





