যশোরের বেনাপোলে মিজানুর রহমান পিন্টু (৫০) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কাগজপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
গ্রেপ্তার মিজানুর রহমান পিন্টু যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের স্কুলপাড়া এলাকার মৃত শামসুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, তিনি বেনাপোল পৌরসভার কাগজপুকুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৬, ১০, ১১ ও ১২ ধারায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশাফ হোসেন বলেন, এলাকায় নৈরাজ্য, মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার পিন্টুকে আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।




