গণতন্ত্র, টেকসই ও সুষম উন্নয়নের পূর্বশর্ত লিঙ্গ সমতা -স্পিকার

গণতন্ত্র, টেকসই ও সুষম উন্নয়নের পূর্বশর্ত লিঙ্গ সমতা -স্পিকার

নারী ও পুরুষ উভয়ের স্বার্থে লিঙ্গ সমতা আনা জরুরি, কেননা প্রাণবন্ত গণতন্ত্র, টেকসই ও সুষম উন্নয়নের পূর্বশর্ত লিঙ্গ সমতা। বলেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্পিকার উজবেকিস্তানের তাসখন্দে ‘পার্লামেন্টারি লিডারশিপ: এন্টিসিপেটিং রিস্কস টু বেটার ডেলিভার সাসটেইনেবিলিটি অ্যান্ড প্রসপারিটি’ থিমকে সামনে রেখে অনুষ্ঠিত ‘স্পিকার্স অব পার্লামেন্টের ১৪তম সামিট (14SWSP)’- এর দ্বিতীয় দিনে ‘উইথআউট জেন্ডার সেনসিটিভ পার্লামেন্ট জেন্ডার রেসপন্সিভ লজ ক্যান নট বি অ্যাডপটেড’ শীর্ষক সেশনে এ কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অর্ধেক জনসংখ্যার পর্যাপ্ত প্রতিনিধিত্ব ব্যতীত কোনো গণতন্ত্র সফল হতে পারে না। আইনসভায় পুরুষ ও নারী উভয়ের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সকল আইন প্রণেতা এবং নন-জেন্ডার রেসপন্সিভ পার্লামেন্টকে অবশ্যই লিঙ্গ সমতাভিত্তিক আইন গ্রহণের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে জ্ঞানার্জন ও শিক্ষা গ্রহণ করতে হবে। লিঙ্গ সমতাভিত্তিক আইন নিশ্চিত করা সংসদ সদস্যগণের অন্যতম দায়িত্ব।

স্পিকার বলেন, সংসদই লিঙ্গ সমতাভিত্তিক আইন প্রণয়নের জন্য সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাগুলো অর্জনের জন্য দীর্ঘমেয়াদী সমতা, গণতন্ত্র এবং শান্তি আনয়নে লিঙ্গ সমতাভিত্তিক আইন প্রণয়ন প্রয়োজন। নারীদের সহিংসতা থেকে রক্ষাকারী আইন, বাল্যবিবাহ রোধে আইন, যৌতুক প্রতিরোধে আইন, কর্মজীবী নারীদের জন্য ডে-কেয়ার সেন্টারের বিধান এবং আরও অনেক যুগান্তকারী উদ্যোগ বিভিন্ন সংসদে বিশ্বব্যাপী গৃহীত হচ্ছে। লিঙ্গ সমতা, নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়নকে সীমাবদ্ধ রাখা অনুচিত। মানবতার বৃহত্তর উপকারিতা অর্জনে সংসদসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারী ও পুরুষের একইসাথে অংশগ্রহণ বাঞ্চনীয়।

সিনেট অব উজবেকিস্তানের চেয়ারউইমেন তানজিলা নারবিভা (Tanzila Narbaeva)-এর সভাপতিত্বে সেশনে সিনেট অব জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মেবেল এম সিনোমোনা (Mabel M. Chinomona), কাউন্সিল অব রিপাবলিক অব বেলারুশের স্পিকার নাটালিয়া কোসানোভা (Natalya Kochanova)-সহ বিভিন্ন দেশের স্পিকারগণ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। সাগুফতা ইয়াসমিন এমপি, পারভীন হক সিকদার এমপি, আদিবা আনজুম মিতা এমপি, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, যুগ্মসচিব সুমিয়া খানম ও সার্জেন্ট এট আর্মস মিয়া মোহাম্মদ নাঈম রহমান সামিটে অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।