বিশেষ প্রতিবেদকঃ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের তাৎক্ষণিক প্রতিবেদনগুলো আমি খেয়াল করেছি। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আমি হতাশ। যেকোনো মূল্যে জিততে চাওয়া আসলে কোনো জয়ই নয়। জানালেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের একথা বলেন। এ সময় বাংলাদেশে সফরে থাকা আসা ইউএসএইডের প্রশাসক মার্ক গ্রিন উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, নির্বাচনের ভোটে যে বলপ্রয়োগ হয়েছে, ভোটারদের ভোটদানে বাধা দেয়া হয়েছে এসব ঘটনার উপযুক্ত তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেন, সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন স্বাস্থ্যকর গণতন্ত্রের মূল ভিত্তি। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্তগুলো কেবল ভোটের দিন নয়, সব সময়ই মেনে চলা উচিত।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ৬৬ হাজার ভোটে বিজয়ী হন। পরাজিত প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেন।
তার দাবি, পুলিশ ও প্রশাসন এক হয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীর হয়ে কাজ করেছে। ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে মাত্র তিনটিতে অনিয়মের কারণে ভোট স্থগিতের বিষয়টি তুলে ধরে নির্বাচন কমিশন বলেছে, খুলনায় চমৎকার পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। অপরদিকে, নির্বাচন পর্যবেক্ষণকারী ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডাব্লিউজি) অনিয়মের কয়েকটি ঘটনা তুলে ধরে বলেছে, এর মাত্রা ছিল কম, ফলে ফলাফলের উপর তা প্রভাব ফেলেনি।

