বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দুই বছর ধরে চেষ্টা করে যাচ্ছে বিএনপি। তবে মুক্তির জন্য প্যারোল বিষয়ে তাঁর পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার তাঁতীদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি আইনিভাবে না হলে প্যারোলের আবেদন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁর পরিবারের ব্যাপার। তারা সিদ্ধান্ত নেবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে প্যারোল নিয়ে কথা হয়েছে কি না, জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘সেটা তাঁকেই (ওবায়দুল কাদের) জিজ্ঞেস করেন। আমরা দল থেকে তো প্যারোল নিয়ে কোনো কথা বলিনি।’
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। সরকারের স্বার্থেই তাঁকে মুক্তি দেওয়া উচিত।
মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী তিনি (খালেদা জিয়া) জামিন পাওয়ার যোগ্য। কিন্তু রাজনৈতিক কারণে সরকার জামিন দিচ্ছে না।
উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার তাঁকে (খালেদা জিয়া) মুক্তি দিতে বাধ্য হবে। জনগণের প্রতি শ্রদ্ধা রেখে তারা খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে এগিয়ে আসবে।
তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার মুক্তির জন্য সংগ্রাম অব্যাহত রাখার শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ প্রমুখ।



