দেশে উৎপাদন ও প্রস্তুত থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছাতে খাদ্যপণ্য নিরাপদ করতে কাজ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। খাদ্য নিরাপদ করতে প্রতিষ্ঠানটি জনসচেতনতায় গুরুত্ব দিলেও জরিমানাও করে।
আর ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে ৯৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৫ জনের মোট এক কোটি ৫৪ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থাৎ দেড় বছরে ২২১ জনকে তিন কোটি ১৩ লাখ টাকা জরিমানা করা হয়।
সরকারি এই প্রতিষ্ঠান শাস্তির চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জনসচেতনতা সৃষ্টিতে। কর্মকর্তারা বলছেন, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা না গেলে আইন প্রয়োগের মাধ্যমে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন রোধ করা কঠিন হবে।
‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ ফেব্রুয়ারি পালন করা হবে নিরাপদ খাদ্য দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রা ও সাইকেল যাত্রার আয়োজন করবে বিএফএসএ। শোভাযাত্রাটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে মৎস্য ভবন-শাহবাগ দিয়ে বিএফএসএ অফিসের সামনে গিয়ে শেষ হবে। শোভাযাত্রায় প্রধান অতিথি থাকবেন চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ।
বিএফএসএ সূত্রে জানা গেছে, খাদ্যে ভেজাল প্রতিরোধে ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৩৪১টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে দুই হাজার ৯৫৮টি খাদ্য উৎপাদন স্থাপনা পরিদর্শন করা হয়। খাদ্যে ভেজাল সম্পর্কে অভিযোগ জানাতে ১৬১৫৫ নম্বরের সহায়তা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরে সারা দেশে খাদ্য ও সেবার মান বৃদ্ধি এবং জনগণকে সচেতন করতে গ্রেডিং পদ্ধতির আওতায় নিয়ে আসা হয়েছে। গত অর্থবছরে ঢাকাসহ ১৬৫টি হোটেল-রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও বেকারিকে অ+, অ ও ই ক্যাটাগরিতে গ্রেডিং দেওয়া হয়েছে। আর চলতি অর্থবছরে দেওয়া হয়েছে ১৮৩টি প্রতিষ্ঠানকে।
সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা ‘হোটেল ও রেস্টুরেন্ট জরিপ ২০২১’ থেকে জানা গেছে, সারা দেশে এখন হোটেল-রেস্টুরেন্টের সংখ্যা চার লাখ ৩৬ হাজার ২৭৪। যেখানে কাজ করছেন ২০ লাখ ৭১ হাজার ৭০৭ জন। খাদ্য নিরাপদ করতে মূলত এসব মানুষকে প্রশিক্ষণ দিয়েছে বিএফএসএ। একই সঙ্গে মালিক-কর্মচারীদের সচেতন করতেও কাজ করছে।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটির নিজস্ব ম্যাজিস্ট্রেট ১৬৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মধ্যে ১৩৬টি মামলার বিপরীতে ১৩৬ জনকে এক কোটি ৫৯ লাখ টাকা জরিমানা করা হয়।



