জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য, পরিবহন ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
রোববার বিকেলে শহরের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সমাবেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সমাবেশে আসার পথে উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির প্রায় ১০ জন নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপির সভাপতি আব্দুলমজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, এই সরকারের পতন ঘন্টা বেজে গেছে। মন্ত্রী এমপিদের দুর্নীতির কারণে দেশ দেউলিয়ার পথে। আগামী নির্বাচন আর নিশি রাতে করতে দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে যাবে না।




