ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৯ ডিসেম্বর’২০১৭ঃ ঝিনাইদহ কালীগঞ্জে ‘মোবাইল ফোনের শীতকালীন বিশাল মেলা’ মাইকিং করে অরজিনাল কোম্পানীর মোবাইল সেটের নামে নিম্নমানের মোবাইল ফোন সেট বিক্রয়ের অভিযোগে মিলন অধিকারী (৪৬) নামে এক দোকানদারকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ডের রহমানীয়া মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত মিথিলা টেলিকম নামে একটি দোকানে। এ সময় পুলিশ দোকান থেকে মোবাইল ফোন সেট উদ্ধার করে দোকানটি তালাবদ্ধ করে দেয়।
জানাগেছে, মিথিলা টেলিকমের মালিক মিলন অধিকারী দীর্ঘদিন ধরে অরজিনাল কোম্পানীর মোবাইল সেট বিক্রয়ের নামে বিভিন্ন কোম্পানীর বাতিল মোবাইল ফোন সেট সংগ্রহ করে তা জোড়াতালি দিয়ে প্রতারনামূলকভাবে ব্যবসা করে আসছে। এসব সেটের সাথে অরজিনাল কোম্পানীর মাদার বোর্ড, আইএমই, ওয়ারেন্টি কার্ড, আইএমই ষ্টিকার, হলোগ্রাম, ব্যাটারী ও হেডফোনের কোন মিল নেই।
প্রতারণার শিকার কালীগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক সোহাগ হোসেন জানান, তিনি ১৮৫০ টাকা দামের একটি সিম্ফনী মোবাইল সেট ১০৫০ টাকা দিয়ে মিথিলা টেলিকম থেকে ক্রয় করেন। এক সপ্তাহ পর ফোন সেটটি নষ্ট হয়ে যায়। প্রতারণার স্বীকার অপর ব্যক্তি ইমরান হোসেন জানান, সিম্ফনী ডি-৫৬ মডেলের ১২০০ টাকার একটি মোবাইল সেট ৮০০ টাকা দিয়ে মিথিলা টেলিকম থেকে ক্রয় করেন। কেনার কয়েকদিন পর তা নষ্ট হয়ে যায়। পরে মিথিলা টেলিকমে অভিযোগ দিলে দোকান মালিক তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। তাদের মতো আরো অনেকে মিথিলা টেলিকম থেকে সেট ক্রয় করে প্রতারিত হয়েছেন বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কালীগঞ্জ উপজেলা মোবাইল সেট বিক্রেতা মালিক সমিতির সভাপতি জহুরুল হক বিপ্লব জানান, মিথিলা টেলিকমের মালিক মিলন অধিকারী দীর্ঘদিন যাবৎ সিম্ফনী ও লাভা কোম্পানীর নাম দিয়ে আন-অথোরাইজড বিভিন্ন মডেলের ফোন সেট কোথা থেকে সংগ্রহ করে তা নিজের দোকানের নামে ছাপা প্যাকেটে ভরে বাজারে মাইকিং করে স্বল্প মূল্যে বিক্রয় করে আসছে। জোড়াতালি দেয়া এসব সেট বেশিদিন ব্যবহার করা যায় না। আইএমই নম্বরগুলো সম্পূর্ণই ভূয়া বসানো।
এ ব্যাপারে লাভা কোম্পানীর মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ তানজীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাভা কোম্পানীর ঢ১, ঢ৫ মডেলের দুটি মোবাইল সেট মিথিলা টেলিকম দোকানের ষ্টিকার ও প্যাকেট ছেপে তাতে ভরে দোকানে বিক্রি করা হতো। ইতিপূর্বে তিনি জানতে পেরে তা বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু দোকানদার তার কথা না শুনে দীর্ঘদিন ধরে ঐ নি¤œমানের সেট বিক্রয় করে আসছেন। তিনি আরো বলেন, মূলতঃ ঢ১ মডেলের সেটটি ২ বছর আগেই বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে সিম্ফনীর ডিলার ঝিনাইদহের কণিকা ট্রেডিং এর প্রতিনিধি মারফ জানান, মিথিলা টেলিকমে ই৪র, উ৫৬র, উ৮০, উ৫৪ মডেলের সিম্ফনী কোম্পানীর যেসব সেট বিক্রি করছে কোম্পানী তা অনেক আগেই বাতিল করে দিয়েছে। বাতিল হওয়া মডেলগুলো কোম্পানী কোন দায়ভার বহন করে না। কিন্তু মিথিলা টেলিকম এক বছরের ওয়ারেন্টি দিয়ে তা বিক্রি করে সাধারণ নীরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছে। যা বিটিআরসি আইন পরিপন্থী।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, বিষয়টি ভেজালে কাজ। পুলিশ তাকে আটক করে থানায় এনেছে। যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


