ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৮ জুলাই’২০১৭: ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মৎস্য অফিস কর্তৃক এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহম্মদ সাইদুর রহমান রেজা। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান।
সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা জানান, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত সারাদেশে একযোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উদযাপিত হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ জুলাই উপজেলার বিভিন্ন হাট বাজারে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা। ১৯ জুলাই বর্ণাঢ্য র্যালি, প্রধান অতিথি কর্তৃক মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা। ২০ জুলাই ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতির বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শণ। ২১ জুলাই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের মোবাইল কোর্ট পরিচালনা। ২২ জুলাই আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রি কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং প্রমান্য চিত্র প্রদর্শণ। ২৩ জুলাই বারবাজার মাছবাজারে মৎস্য চাষ ভিত্তিক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শণ এবং ২৪ জুলাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা। তিনি আরো জানান, কালীগঞ্জ উপজেলায় মোট ৪ টি সরকারি বাওড়, ৩ টি বে-সরকারি বাওড়, ৫ হাজার ১০৯ টি পুকুর আছে। সেখানে ৪ হাজার ৮৪৫ জন মৎস্য চাষী ও ১ হাজার ৫৪৬ জন জেলে মৎস্য কর্মকা-ের সাথে জড়িত।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চিত্রা ও বেগবতী নদীতে যারা বাঁধ দিয়ে মাছ শিকার করছে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে খুব শীঘ্রই মোবাইল কোর্ট চালিয়ে জেল ও জরিমানা করা হবে। তিনি আরো জানান, শ্রমিক সমস্যা ও অর্থনৈতিক কারনে সব সময় নদীর বাঁধ ভেঙ্গে দেয়া সম্ভব হচ্ছে না। তবে এসব সমস্যার প্রতিকুলতা কাটিয়ে তাড়িতাড়ি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া যারা বাজারে অবাধে কারেন্ট জাল বিক্রি করছে তাদের বিরুদ্ধেও মোবাইল কোর্ট চালানো হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকসহ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বিল্লাল হোসেন, মানবাধীকার কর্মী ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস উপস্থিত ছিলেন।

