ঝিনাইদহ প্রতিনিধি ॥ ১৮ জুলাই’২০১৮: “স্বয়ং সম্পূর্ণ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে ঝিনাইদহ কালীগঞ্জ মৎস্য সপ্তাহ ২০১৮ বাস্তবায়ন কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সাংবাদিক এনামুল হক সিদ্দিক, শাহজাহান আলী বিপাশ, আরিফ মোল্ল্যা, বেলাল হুসাইন বিজয়, সাবজাল হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।
মৎস্য কর্মকর্তা লিখিত বক্তব্যে বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে ৭ দিনের (১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, মাইকিং এর মাধ্যমে প্রচারণা, সড়ক র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ, ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শণ, হাটবাজার ও জনবহুল স্থানে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা, ভিডিও প্রদর্শণ ও আগামী মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, মাছ চাষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সফলতা অর্জনকারী কালীগঞ্জ উপজেলার ৪ জন মাছ চাষীকে পুরস্কার প্রদান করা হবে। এরা হলেনÑমনোসেক্স তেলাপিয়া উৎপাদনের জন্য বারবাজার ভাই ভাই ফিস ফার্মের মোঃ কবির হোসেন, বড় মাছ উৎপাদনের জন্য কালীগঞ্জের সর্জাদ বাওড়ের সভাপতি, পোনা মাছ উৎপাদনের জন্য আনন্দবাগ গ্রামের মুছা হোসেন ও পাবদা মাছ উৎপাদনের জন্য বালিয়াডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি আরো উল্লেখ করেন কালীগঞ্জ উপজেলায় ৬৬৮৩ মেঃ টন মাছের চাহিদার অনুকুলে ৭৭৩০ মেঃ টন মাছ উৎপাদন হয় এবং ১০৫৬ মেঃ টন মাছ উদ্বৃত্ত থাকে।