কালীগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় চেতনা হারিয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে

আরিফ মোল্ল্যা,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি ॥  ঝিনাইদহ কালীগঞ্জের পল্লীতে খাদ্যে বিষক্রিয়ায় চেতনা হারিয়ে একই পরিবারের ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কালীগঞ্জের মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের ঘোষ পাড়ায়। বুধবার সকালের খাবার খাওয়ার পর এমন ঘটনা ঘটলেও প্রতিবেশিরা সন্ধ্যার একটু আগে বাড়িতে প্রবেশ করে সকলকে অচেতন দেখতে পেয়ে দ্রুত কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা হলো কালীপদ ঘোষ (৭৫) তার স্ত্রী অনিতা ঘোষ (৬০) তাদের ছেলে নারায়ন ঘোষ (৪৫) , জয় ঘোষ (৪০) নারায়ন ঘোষের স্ত্রী লিলি ঘোষ (৩৫) জয় ঘোষের স্ত্রী শ্যামলী ঘোষ (৩৪) তাদের কন্যা বন্যা (৮) বৃষ্টি ঘোষ (১০) খেয়ালী ঘোষ (৬) পুত্র সীমান্ত ঘোষ (১০) ।

বেথুলী গ্রামের বাসিন্দা নিশিত ঘোষ জানান, তাদের গ্রামের কালীপদ ঘোষের বাড়ির সকল সদস্যই চেতনা হারিয়ে বাড়িতে পড়ে ছিল। নিশিত আরও জানান, সকালের খাবার খাওয়ার পর তাদের বাড়ির কেউই বাইরে বের হয়নি। বাড়ির পাশেই অন্য একটি বাড়িতে বিয়ের জন্য একটি কন্যা দেখতে বিয়ের জন্য আলোচনা করতে নতুন আত্বীয় এসেছিল। এজন্য আশপাশের অন্য বাড়িগুলো থেকে নতুন আত্বীয় দেখতে লোকজন আসলেও কালীপদ ঘোষের বাড়ি থেকে কোন লোকজন আসেনি । কেন কেউ আসলো না এটা দেখতে ওই বাড়ির লোকজন কালীপদ ঘোষের বাড়িতে যায়। এ সময় দেখতে পায় বাড়ির ১১ জন সদস্যই চেতনা হারিয়ে পড়ে আছে। এ সময় আশপাশের প্রতিবেশিদের ডাক দিয়ে সন্ধ্যার পরে দ্রুতই কালীগঞ্জ হাসপাতালে নিয়ে ভর্তি করে। গ্রামবাসী মনে করছে খাবারের সাথে তাদেরকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে।

ওই পরিবারের স্বজনদের একজন মোহন ঘোষ জানান, যাদের চেতনা ফিরেছে তাদের কাছ থেকে শুনেছেন সকালের খাবার খাওয়ার পর কি হয়েছে তারা কিছুই জানেন না। এখন দেখছেন হাসপাতালে শুয়ে আছেন।

কর্তব্যরত চিকিৎসক সঙ্গিতা চৌধুরী জানান, সন্ধ্যার পর তাদের প্রত্যেককে অচেতন অবস্থায় হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অনেকের এখনও চেতনা ফেরেনি। খাদ্যে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।