কালকিনিতে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে  নিহত, আহত ৬

কালকিনিতে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে  নিহত, আহত ৬
মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের নারীসহ আহত হয়েছেন আরও ৬ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা কালকিনির কয়ারিয়া ইউনিয়নের চর আলিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মো. সাজ্জাদ হাওলাদার (২৮)। তিনি কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের  চর আলিমাবাদ গ্রামের  কালু হাওলাদেরর ছেলে। সাজ্জাদ পেশায় একজন স্যানেটারি ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন একই এলাকার আসাদ হাওলাদার (৩৬), মনির হাওলাদার (৪৪), খলিল হাওলাদার (২৫) জাহানারা বেগম (৬০), কালু হাওলাদার (৫২) ও  স্বপন হাওলাদার (৬০)। আহতরা বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর আলিমাবাদ এলাকার কালু হাওলাদারের সঙ্গে একই এলাকার হারুণ হাওলাদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে এলাকায় কয়েক দফা সালিশও হয়। এরপরেও জমি দখল নিয়ে আজ  বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হারুণ হাওলাদার তার লোকজন নিয়ে কালু হাওলাদারের ওপর হামলা চালায়। এরপরেই দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের আহত হয় ৭ জন। এরমধ্যে গুরতর আহত অবস্থায় মো. সাজ্জাদ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি মারা যান। আহতদের বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলায় আহত হয়েছেন নিহত মো. সাজ্জাদ হাওলাদারের বাবা কালু হাওলাদার বলেন, হারুণ হাওলাদার লোকজন নিয়ে আমাদের জমি দখলে নিতে আসে। পরে তাদের বাঁধা দিতে গেলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে। হাসপাতালে নেয়ার পরে আমার ছেলে মারা যায়। যারা আমার ছেলের হত্যা করেছে তাদের বিচার চাই, ফাঁসি চাই।
নিহতের চাচা আবদুল হক হাওলাদার বলেন, হারুণ হাওলাদারের নেতৃত্বে তার লোকজন হামলা চালিয়ে সাজ্জাদ হাওলাদারকে দা দিয়ে প্রথমে মাথায় কোপ দেয়। পরে সাজ্জাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আমরা কোনভাবেই এ ঘটনা মানতে পারছি না। হামলাকারীদের বিচার চাই।
অভিযোগের বিষয় জানতে চাইলে হারুণ হাওলাদার বলেন, আমাদের ওপর তারা প্রথমে হামলা চালায়। আমরা প্রতিরোধ করেছি মাত্র। আমরা কারো কোন জমি দখল করতে যাই নাই। আমাদের বিপদে ফেলতে তারা মিধ্যে অভিযোগ দিচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কালকিনি সার্কেল) মো. আলাউল হাসান বলেন, গতকাল বুধবার দুপক্ষের মধ্যে জমিজমা নিয়ে একদফা মারামারি হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে আবারও দুপক্ষ মারামারি করে। একপর্যায়ে সাজ্জাদ নামে এক ব্যক্তির মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ঘটনাস্থল বরিশালের সীমান্তবর্তী এলাকায়। এ কারণে আহতরা বরিশাল মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ সকাল থেকেই ঘটনাস্থলে অবস্থান করছে। এলাকায় হামলাকারীরা কেউ নেই। অভিযক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।